মেসি ৩৯-এ পারলে রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে বড় ‘চ্যালেঞ্জ’ প্রাক্তন তারকার! – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটমহলে জল্পনা চরমে। এরই মাঝে মেসিকে উদাহরণ হিসেবে টেনে তাঁদের জোরালো সমর্থন জানালেন প্রাক্তন স্পিনার ও বিজেপি সাংসদ হরভজন সিং। এক পডকাস্টে তিনি সাফ জানান, বয়স নয়, বরং একজন খেলোয়াড়ের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সই আসল বিচার্য হওয়া উচিত। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেমন দুর্দান্ত ফিটনেস দেখিয়ে বিশ্ব মাতিয়েছেন, তেমনি বিরাট কোহলিও ৩৯ ছুঁইছুঁই বয়সে ২০ বছরের তরুণদের অনায়াসে টেক্কা দিতে পারেন। তাই শুধুমাত্র বয়সের অজুহাতে তাঁদের ছিটকে দেওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই।
প্রাক্তন সতীর্থ গম্ভীরকে নাম না করে খোঁচা দিয়ে হরভজন মনে করিয়ে দেন, ৩০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই দুই অভিজ্ঞ তারকা দলের সম্পদ। টি-২০ ও টেস্ট ছাড়লেও ওয়ানডেতে রান পাওয়া পর্যন্ত তাঁদের সুযোগ দেওয়া উচিত। কখন অবসর নিতে হবে, তা বোঝার মতো অভিজ্ঞতা তাঁদের রয়েছে। আগামী বিশ্বকাপে ভারতের সাফল্য ধরে রাখতে রো-কো জুটিকে যোগ্য সম্মান দেওয়ার পক্ষে মত দেন তিনি।
