মোদী-শাহের রাজ্যে শুরু ‘অপারেশন গঙ্গাজল’! কড়া পদক্ষেপে চাকরি হারালেন বিতর্কিত ২ আইএএস – এবেলা

মোদী-শাহের রাজ্যে শুরু ‘অপারেশন গঙ্গাজল’! কড়া পদক্ষেপে চাকরি হারালেন বিতর্কিত ২ আইএএস – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতে দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপ রোধে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের নেতৃত্বে শুরু হয়েছে বিশেষ প্রশাসনিক উদ্যোগ ‘অপারেশন গঙ্গাজল’। এই অভিযানের প্রথম পদক্ষেপেই কঠোর শাস্তির মুখে পড়েছেন দুই বিতর্কিত আইএএস আধিকারিক, কে রাজেশ এবং গৌরব দাহিয়া। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন দুর্নীতির রেকর্ড এবং গুরুতর অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখে বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ২০১১ ব্যাচের আইএএস কে রাজেশের বিরুদ্ধে সুরেন্দ্রনাথগরের জেলাশাসক থাকাকালীন ঘুষের বিনিময়ে ২৭১টি অস্ত্রের লাইসেন্স প্রদান, অবৈধ জমি বণ্টন ও মানি লন্ডারিংয়ের মতো মারাত্মক অভিযোগ ছিল।

অন্যদিকে, ২০১০ ব্যাচের আইএএস গৌরব দাহিয়ার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের পাশাপাশি প্রথম স্ত্রীর কথা গোপন রেখে প্রতারণামূলক দ্বিতীয় বিয়ের অভিযোগ রয়েছে। এর আগে ২০১৯ সালে তিনি সাসপেন্ড হলেও ২০২৩ সালে অতিরিক্ত উন্নয়ন কমিশনার পদে পুনর্বহাল হন। তবে বিভাগীয় তদন্ত অব্যাহত থাকায় শেষ পর্যন্ত এই অভিযানের মাধ্যমে তাঁকে স্থায়ীভাবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। মূলত সরকারি ব্যবস্থার ভাবমূর্তি স্বচ্ছ করতে এবং প্রশাসনিক দুর্নীতি নির্মূল করতেই রাজ্য সরকারের এই নজিরবিহীন কড়া পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *