রণক্ষেত্র দিল্লি! নিট-কাণ্ডে পথে ৫০ হাজার, অনশন ভাঙতে মোদী সরকারকে চরম শর্ত সোনমের – এবেলা

রণক্ষেত্র দিল্লি! নিট-কাণ্ডে পথে ৫০ হাজার, অনশন ভাঙতে মোদী সরকারকে চরম শর্ত সোনমের – এবেলা

এবেলা ডেস্কঃ

নিট (NEET) কেলেঙ্কারি ও প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির রাজপথ। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকে এদিন সংসদ অভিযানে পা মেলান প্রায় ৫০ হাজার বিক্ষোভকারী।

পরিস্থিতি সামাল দিতে যন্তর মন্তর এলাকায় লাঠিচার্জ করে পুলিশ। যদিও পুলিশের দাবি, জমায়েত ছিল আট হাজারের মতো এবং কোনওরকম বলপ্রয়োগ করা হয়নি। অশান্তি এড়াতে গোটা এলাকায় কড়া নিষেধাজ্ঞার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

এদিনের এই মেগা বিক্ষোভে শামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, চন্দ্রশেখর আজাদ, অভিনেতা প্রকাশ রাজ এবং শাবানা আজমির মতো বিশিষ্ট ব্যক্তিরা। আন্দোলনের ঝাঁঝ বুঝতে পেরে সরকারের তরফে আলোচনার ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সিজেপি প্রতিনিধিরা তিন দফা দাবি জানান— শিক্ষামন্ত্রীর দ্রুত ইস্তফা, সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি এবং মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ।

অন্যদিকে, টানা ২০ দিন ধরে সফদরজং হাসপাতালে কার্যত ‘আটক’ অবস্থায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। তবে অনশন ভাঙার জন্য তিনি সরকারকে চরম শর্ত দিয়েছেন। একটি চিঠিতে সোনম সাফ জানিয়েছেন, সরকার যদি শিক্ষা ব্যবস্থার এই চরম ব্যর্থতার দায় স্বীকার করে অথবা সাংসদরা যদি এই ইস্যুটি গুরুত্ব সহকারে সংসদে তোলার আশ্বাস দেন, তবেই তিনি অনশন প্রত্যাহার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *