‘রাজনীতিতে এসে ডিমের ভয়?’ মহুয়ার ভার্চুয়াল হাজিরা আর্জি খারিজ করে চরম কটাক্ষ সুপ্রিম কোর্টের! – এবেলা

‘রাজনীতিতে এসে ডিমের ভয়?’ মহুয়ার ভার্চুয়াল হাজিরা আর্জি খারিজ করে চরম কটাক্ষ সুপ্রিম কোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিম হামলার আশঙ্কায় সশরীরে হাজিরা এড়াতে চেয়ে শেষরক্ষা হলো না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, রাজনীতি করতে এসে সামান্য ডিমকে ভয় পেয়ে আদালতের কাছে দরবার করা মানায় না। ফলে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে সশরীরে থানাতেই যেতে হচ্ছে কৃষ্ণনগরের এই সাংসদকে।

উস্কানিমূলক মন্তব্যের একটি মামলায় তদন্তের প্রয়োজনে মহুয়া মৈত্রকে পুলিশে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে গত ২১ জুলাই হাইকোর্ট জানিয়েছিল, তদন্তে সহযোগিতা করলে ৫ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কড়া আইনি পদক্ষেপ করা যাবে না।

কিন্তু সশরীরে থানায় গেলে বিরোধী শিবিরের ‘ডিম হামলা’ বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হতে পারে—এই আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান মহুয়া। তাঁর আর্জি ছিল, তাঁকে যেন ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হয়।

শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে মামলাটির শুনানি ছিল। মহুয়ার আইনজীবী জানান, এর আগে তাঁর মক্কেলের ওপর ডিম ছোড়া হয়েছিল, তাই নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

তবে এই যুক্তি সম্পূর্ণ খারিজ করে দেয় শীর্ষ আদালত। বেঞ্চের তরফে কড়া সুরেই মন্তব্য করা হয়:

“আপনি একজন জনপ্রতিনিধি ও সাংসদ। রাজনীতি করতে এসে আপনি সামান্য ডিমকে ভয় পাচ্ছেন? আমাদের স্বাধীনতাসংগ্রামীরা দেশের জন্য বুক পেতে গুলি খেয়েছেন। এই ধরনের বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া একদমই অনুচিত।”

শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায় সুপ্রিম কোর্ট। ফলে ভার্চুয়ালি নয়, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে সশরীরে থানায় যেতেই হচ্ছে মহুয়া মৈত্রকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *