শরীরে ২৫০ বার নিজের নাম খোদাই, অমানুষিক লালসার শিকার ডাচ নারী!

নেদারল্যান্ডসের ৫২ বছর বয়সী জোকে নামের এক নারী দীর্ঘদিন ধরে তার স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করে দীর্ঘ সময় ধরে শরীরের ৯০ শতাংশ অংশে নাম ও অবমাননাকর স্লোগান ট্যাটু হিসেবে খোদাই করেছেন। সস্তা ট্যাটু মেশিন ব্যবহার করে মুখমণ্ডল, ঘাড়, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে প্রায় ২৫০ বার নিজের নাম ও মালিকানাসূচক শব্দ লিখে তাকে এই পৈশাচিক নির্যাতনের শিকার করা হয়। প্রতিবাদ জানালে ভুক্তভোগীকে শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো।
অবশেষে এই সম্পর্ক থেকে মুক্তি পেয়ে জোকে পুলিশের আশ্রয় নিয়েছেন এবং লেজার চিকিৎসার মাধ্যমে শরীর থেকে সেই দুঃসহ ট্যাটুগুলো মুছে ফেলার প্রক্রিয়া শুরু করেছেন। এই দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য নেটিজেনদের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ডলার অনুদান সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী নারী নিজের স্বাভাবিক জীবনে ফেরার জন্য এই চিকিৎসা গ্রহণ করছেন।
