সন্তানের অভিভাবকত্ব নিয়ে হাইকোর্টের বড় রায়, স্বস্তি পেলেন বাবাই!

সন্তানের হেফাজত সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলায় ‘হেবিয়াস কর্পাস’ বা বন্দী প্রত্যক্ষীকরণ আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, হিন্দু আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক সন্তানের স্বাভাবিক বা প্রাকৃতিক অভিভাবক হলেন বাবা। তাই আদালতের সুনির্দিষ্ট কোনো নির্দেশ লঙ্ঘন না করলে বা বলপূর্বক সন্তানকে সরিয়ে না নিলে, বাবার কাছে সন্তানের থাকাকে আইনত ‘অবৈধ আটক’ হিসেবে গণ্য করা যাবে না।
বিচারপতি অনিল কুমার তার পর্যবেক্ষণে ভারতীয় দণ্ডবিধির ৩৬১ ধারা এবং অভিভাবক ও প্রতিপাল্য আইনের ৪(২) ধারার উল্লেখ করে জানান, বৈধ অভিভাবকের কাছ থেকে নাবালককে দূরে রাখাই অপরাধ। এই মামলায় ২০২২ সাল থেকে সন্তানরা তাদের বাবার সাথেই বসবাস করছে এবং সেখানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই। আদালত আরও জানায়, শুধুমাত্র মায়ের কাছ থেকে আলাদা রাখার অভিযোগ থাকলেই বাবার হেফাজতকে অবৈধ বলা যায় না। এ ক্ষেত্রে তেজস্বিনী গৌড় বনাম শেখর জগদীশ প্রসাদ তিওয়ারি মামলার নজির টেনে আদালত জানায়, রিট তখনই কার্যকর হয় যখন হেফাজত পুরোপুরি বেআইনি হয়। এসব বিবেচনায় আদালত মায়ের করা আবেদনটি খারিজ করেছে।
