সবজির দাম রুখতে ১০০ কোটির ফান্ড! ধান-আলু চাষিদের জন্য বাজেটে বিরাট চমক রাজ্যের – এবেলা
June 22, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজি ও ডালের আগুন দামে লাগাম টানতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। পাশাপাশি কৃষকদের মুখে হাসি ফোটাতে এবারের বাজেটে একগুচ্ছ বিরাট ঘোষণা করা হলো। আলু ও ধান চাষিদের জন্য যেমন আর্থিক সুবিধা ঘোষণা করা হয়েছে, তেমনই কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতেও জোর দেওয়া হয়েছে।
বাজেটে কৃষকদের জন্য মূল চমকগুলি একনজরে:
- দাম নিয়ন্ত্রণে ১০০ কোটির তহবিল: বাজারে আলু, পেঁয়াজ, টমেটো, ডাল ও তৈলবীজের দাম যাতে সাধারণের নাগালের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করছে রাজ্য সরকার।
- হিমঘরে বিরাট ভর্তুকি: ফসল নষ্ট হওয়া রুখতে বড় আকারের হিমঘর (কোল্ড স্টোরেজ) ও প্যাকিং সেন্টার তৈরিতে ৩৫% পর্যন্ত ভর্তুকি দেবে রাজ্য। এর জন্যও আলাদা করে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
- আলু ও ধান চাষিদের ‘বোনাস’: আলু চাষিদের ফসল বিমার প্রিমিয়ামের ৫০ শতাংশ দেবে খোদ সরকার। ভালো ফলনের জন্য বিনামূল্যে মিলবে উন্নতমানের বীজ (বরাদ্দ ১০০ কোটি টাকা)। এছাড়া কৃষকদের লোকসান রুখতে সরকার আলু ও খারিফ মরশুমের ধান কিনলে ন্যূনতম সহায়ক মূল্যের ওপর কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০০ টাকা ইনসেনটিভ দেওয়া হবে। আগামী দিনে ধানের সরকারি দাম ধাপে ধাপে বাড়িয়ে কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
- মাত্র ১৫ মিনিটে ঋণ: রিজার্ভ ব্যাঙ্কের সহায়তায় চালু হচ্ছে ডিজিটাল কিসান ক্রেডিট কার্ড। কোনও নথিপত্র জমা দেওয়ার ঝামেলা ছাড়াই এখন মাত্র ১৫ মিনিটে মিলবে কৃষি ঋণ, যা পেতে আগে ১৫ দিন সময় লাগত।
- ‘ফার্মার্স আইডি’ ও কৃত্রিম মেধা: কৃষকদের জন্য বিশেষ ‘ফার্মার্স আইডি’ চালু হচ্ছে, যার মাধ্যমে সার কেনা থেকে ফসল বিক্রি—সব সরকারি সাহায্য এক ক্লিকেই মিলবে। পাশাপাশি আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) সহায়তায় চাষের কাজে ড্রোন, স্মার্ট সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হবে।
এছাড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রামের গ্রামীণ পরিকাঠামো ও কৃষির উন্নতিতে নতুন যোজনা চালুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জমিতে রাসায়নিক সারের খরচ কমিয়ে প্রাকৃতিক উপায়ে চাষবাসের ওপর বিশেষ জোর দিয়েছে সরকার।
