সম্পর্কের তিক্ততা ভুলে এবার কি শুধুই মিষ্টির পালা? হরিবংশ সিংকে নিয়ে রাঘব চাড্ডার বড় বার্তা!

আম আদমি পার্টির রাজ্যসভার উপনেতা পদ থেকে অপসারিত হওয়ার পর এবার ভিন্ন মেজাজে ধরা দিলেন সাংসদ রাঘব চাড্ডা। শুক্রবার উচ্চকক্ষের উপসভাপতি হিসেবে হরিবংশ নারায়ণ সিংয়ের তৃতীয় দফার মেয়াদ শুরু হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাঘব। দলের অন্দরে কোণঠাসা হওয়া এবং পদ হারানোর খবরের মাঝে চাড্ডার এই নমনীয় অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
সংসদে বক্তব্য রাখার সময় রাঘব চাড্ডা উল্লেখ করেন যে, গত মেয়াদকালে উপসভাপতির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল ‘টক-মিষ্টি’। কখনও আলোচনার বিষয়বস্তু থেকে বিচ্যুত হওয়ায় তাকে উপসভাপতির ধমক শুনতে হয়েছে, আবার কখনও গঠনমূলক আলোচনার মাধ্যমে সম্পর্ক সহজ হয়েছে। তবে পুরোনো তিক্ততা ভুলে আগামী দিনে ‘মিষ্টি’ সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। রাঘব চাড্ডার এই কৌশলী অবস্থান এমন এক সময়ে এল, যখন আম আদমি পার্টির সঙ্গে তার দূরত্বের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে বেশ চর্চিত। সংসদের ভেতরে নিজের অবস্থান স্থিতিশীল করা এবং দলের কঠোর অবস্থানের বিপরীতে ভারসাম্য বজায় রাখতেই তিনি এই সৌজন্যমূলক পথ বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
