৩০ জুনেই বাতিল হবে রান্নার গ্যাস! কানেকশন বাঁচাতে দ্রুত করুন এই কাজ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: এই মাসেই শেষ হচ্ছে ডেডলাইন! আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাতিল হয়ে যেতে পারে আপনার বাড়ির রান্নার গ্যাসের কানেকশন বা এলপিজি (LPG)। তবে একটু সতর্ক হলেই এই সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পাওয়া সম্ভব।
কেন বন্ধ হচ্ছে এলপিজি? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে এলপিজি সঙ্কটের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এবং গ্যাসের কালোবাজারি রুখতে গত মার্চ (২০২৬) মাসে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি কড়া নির্দেশিকা জারি করে। তাতে স্পষ্ট বলা হয়, কোনও গ্রাহক একসঙ্গে এলপিজি এবং পিএনজি (PNG বা পাইপলাইন গ্যাস)—এই দুই কানেকশন রাখতে পারবেন না। যাঁদের এলাকায় পিএনজি-র সুবিধা রয়েছে, তাঁদের এলপিজি ছেড়ে পিএনজি-তে সুইচ করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ জুন।
কারা পড়বেন সমস্যায়?
- আপনার এলাকায় যদি পিএনজি বা পাইপলাইনের গ্যাসের সুবিধা থাকে, তবে আপনাকে ওই ৯০ দিনের মধ্যেই পিএনজি কানেকশন নিতে হবে। তা না হলে আপনার এলপিজি কানেকশনটি বন্ধ হয়ে যেতে পারে।
- যাঁরা বর্তমানে এলপিজি এবং পিএনজি—দুটি কানেকশনই একসঙ্গে ব্যবহার করছেন, তাঁদের দ্রুত এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে।
- তবে স্বস্তির খবর হলো: আপনার এলাকায় যদি পিএনজি বা পাইপলাইন গ্যাসের সুবিধা না থাকে, তবে চিন্তার কোনও কারণ নেই। আপনার এলপিজি কানেকশনটি আগের মতোই স্বাভাবিকভাবে চলতে থাকবে।
গ্যাস পরিষেবা চালু রাখতে কী করবেন? রান্নাঘরের গ্যাস পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে দ্রুত কয়েকটি সহজ নিয়ম মেনে চলুন:
- খোঁজ নিন: সবার প্রথমে জেনে নিন আপনার এলাকায় পিএনজি (PNG) পরিষেবা রয়েছে কি না।
- আবেদন করুন: পরিষেবা থাকলে নিজের আইডি প্রুফ (ID Proof) এবং অ্যাড্রেস প্রুফ (Address Proof) দিয়ে পিএনজি-র জন্য আবেদন করুন। চাইলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেও এই আবেদন করা যাবে।
- কানেকশন ছাড়ুন: বাড়িতে পিএনজি চালু হয়ে গেলেই আপনার পুরনো এলপিজি গ্যাসের কানেকশনটি ছেড়ে দিন।
