৩১ অগস্টের মধ্যে শিক্ষক নিয়োগ আসাম্ভব: সুপ্রিম কোর্টের কাছে বাড়তি সময় চাইছে এসএসসি – এবেলা

এবেলা ডেস্কঃ
৩১ অগস্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলে মেনে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতায় নতুন করে পুরো প্রক্রিয়া আটকে যাওয়ায় এবার সুপ্রিম কোর্টের কাছে ‘অনেকটা বাড়তি সময়’ চেয়ে আবেদন জানাতে চলেছে কমিশন। এর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক কাগজপত্র ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
২০১৬ সালের গোটা এসএসসি প্যানেল বাতিলের পর শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, ‘যোগ্য’ প্রার্থীরা ২০২৬ সালের ৩১ অগস্ট পর্যন্ত সবেতন কাজ চালিয়ে যেতে পারবেন এবং এই সময়ের মধ্যেই নতুন নিয়োগ শেষ করতে হবে। সেই অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরে নতুন পরীক্ষার আয়োজন করা হয় এবং একাদশ-দ্বাদশ স্তরের বেশ কিছু বিষয়ের কাউন্সেলিংও শুরু হয়। কিন্তু ওবিসি জটিলতা তৈরি হওয়ায় বর্তমানে নথি যাচাই এবং বাকি বিষয়গুলির কাউন্সেলিং স্থগিত রাখা হয়েছে। রাজ্য স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন ও এসএসসি চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা আগে সময় বাড়ানোর ইঙ্গিত দিলেও এবার তাতে চূড়ান্ত সিলমোহর পড়ল।
কমিশনের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষামহলে। সুপ্রিম কোর্ট বাড়তি সময় মঞ্জুর করলে ২০১৬ সালের বাতিল প্যানেলের ‘যোগ্য’ শিক্ষকরা চাকরি বাঁচানোর ক্ষেত্রে আপাতত সাময়িক স্বস্তি পাবেন। তবে অন্য দিকে, ২০২৫ সালের নতুন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যাঁরা চূড়ান্ত নিয়োগপত্র পাননি, তাঁরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মতে, সময় বাড়লে রাজ্য সতর্কভাবে কাজ করার সুযোগ পাবে ঠিকই, তবে নতুনদের বয়স পেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকছে। অন্যদিকে ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর পক্ষ থেকে ২০১৬-র যোগ্য শিক্ষকদের সুরক্ষায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
