৫ বছরে ৪৯ লক্ষ থেকে ২.৭০ কোটি টাকা, কত সম্পদের মালিক লাভলি!

সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের জমা দেওয়া সাম্প্রতিক হলফনামায় তাঁর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের তথ্য উঠে এসেছে। ২০২১ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর পাঁচ বছরের ব্যবধানে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৯ লক্ষ টাকা থেকে বেড়ে বর্তমানে ২.৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে তাঁর স্বামী সৌম্য রায়ের সম্পদের পরিমাণও বেড়ে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। তবে হলফনামা অনুযায়ী, দম্পতির নামে কোনো স্থাবর সম্পত্তি, বাড়ি বা জমি নেই।
প্রার্থীর হলফনামার তথ্য অনুযায়ী, লাভলি মৈত্রের কাছে বর্তমানে প্রায় এক হাজার গ্রাম সোনা রয়েছে, যার বাজারমূল্য কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি তাঁর ব্যাঙ্কে সঞ্চয়, ফিক্সড ডিপোজিট এবং পিপিএফ-সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ রয়েছে এবং ২০২৩ সালে তিনি ২৫ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি কিনেছেন। সম্পদের এই বৃদ্ধির বিপরীতে তাঁর নামে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণের দায়বদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে লাভলি মৈত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়।
