অন্নদাতার শেষযাত্রায় পথকুকুর, মধ্যপ্রদেশে ভালোবাসার নিদর্শন

মধ্যপ্রদেশের সিহোর জেলায় এক পথকুকুরের আনুগত্য ও ভালোবাসার হৃদয়স্পর্শী ছবি প্রকাশ্যে এসেছে। ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী মোহনলাল রাইকওয়ার নিয়মিত ‘কালু’ নামের এক পথকুকুরকে খাবার দিতেন। তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের ফলে এক গভীর আত্মিক বন্ধন গড়ে উঠেছিল।
গত সপ্তাহে মোহনলালবাবুর মৃত্যুর পর কালু সেই অকৃত্রিম ভালোবাসার পরিচয় দিল। বৃদ্ধের শেষযাত্রায় সে দূর থেকে বিদায় না জানিয়ে নিঃশব্দে শ্মশান পর্যন্ত সঙ্গী হয়েছিল। শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সে ধৈর্য ধরে বন্ধুর দেহের পাশেই দাঁড়িয়ে ছিল।
শোকসভায় উপস্থিত ব্যক্তিরা যখন নীরবতা পালন করছিলেন, তখনও কালু সেখানে এসে শান্ত হয়ে বসে পড়ে। শেষকৃত্য শেষে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সে বাড়িতেও ফিরে আসে এবং শেষ শ্রদ্ধা জানিয়ে নীরবে প্রস্থান করে।
মানুষ ও প্রাণীর এমন গভীর সম্পর্কের নজির এর আগেও দেখা গিয়েছে। জুলাই মাসে মধ্যপ্রদেশের বেতুল জেলায় মালিকের মৃত্যুর পর ‘ডুগ্গু’ নামের এক পোষ্য কুকুর শেষযাত্রার সঙ্গী হয়েছিল। মালিকের মরদেহ বাড়িতে আসার পর থেকেই কুকুরটি বিচলিত ছিল। শেষযাত্রা শুরুর পর কিছুদূর হেঁটে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারায় ডুগ্গু। পরিবারের সদস্যদের ধারণা, মালিকের চলে যাওয়ার শোক সহ্য করতে না পেরেই কুকুরটি মারা যায়।
