পাঞ্জাব কিংসে নতুন ভূমিকায় বাংলার প্রাক্তন কোচ পরশ মামব্রে

আইপিএলের আসন্ন মরসুমের জন্য পাঞ্জাব কিংস তাদের কোচিং বিভাগে রদবদল ঘটিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি বাংলার প্রাক্তন কোচ পরশ মামব্রে-কে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। তিনি জেমস হোপসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এছাড়াও, ব্র্যাড হ্যাডিনের জায়গায় রাজীব কুমারকে আনা হয়েছে। গত মাসেই হোপস ও হ্যাডিন পাঞ্জাব কিংস ছেড়েছিলেন। মামব্রে পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করবেন। মুম্বই ইন্ডিয়ানসে থাকাকালীন তাঁদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মামব্রে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর জুটিতে ভারত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় এবং ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে। তিনি দু’দফায় মুম্বই ইন্ডিয়ানসের কোচিং স্টাফে ছিলেন। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর তিনি আবার মুম্বই শিবিরে যোগ দেন। গত মরসুমে মুম্বই ইন্ডিয়ানসের খারাপ পারফরম্যান্সের পর কোচিং বিভাগে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ গত মাসে মামব্রে মুম্বই ছাড়েন। এবার তিনি পাঞ্জাব কিংসে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *