অর্ধনারীশ্বরের ছবি পোস্ট করে বিজেপি ও আরএসএসকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথামূলক গ্রন্থ ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধী ও মায়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে ঘিরে বিজেপির সমালোচনার পালটা জবাব দিলেন কংগ্রেস নেতা। সমাজমাধ্যমে এলিফ্যান্টা গুহার ‘অর্ধনারীশ্বর’ ভাস্কর্যের ছবি পোস্ট করে তিনি বিজেপি ও আরএসএসকে ‘লোভী, জাতপাতবাদী ও উগ্র পুরুষতান্ত্রিক’ বলে তোপ দেগেছেন। এক্স হ্যান্ডেলে রাহুল দাবি করেছেন, ভারতীয় আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যের গভীরে যতই প্রবেশ করছেন, ততই স্পষ্ট হচ্ছে যে এই ঐতিহ্য সম্পর্কে বিজেপি ও আরএসএস-এর কোনও ধারণাই নেই। এর আগেও দ্বাদশ শতাব্দীর এক মন্দিরের ভাস্কর্যের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ভয়, রাগ ও ঘৃণার জাল থেকে বিজেপি ও আরএসএস সমর্থকদের মুক্ত করা প্রকৃত হিন্দু হিসেবে তাঁর কর্তব্য।
উল্লেখ্য, মা-বাবার সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে রাহুল জানিয়েছিলেন, খাওয়ার সময় সোনিয়া গান্ধী রাজীব গান্ধীর কোলে বসতেন এবং ছোটবেলায় এটি তাঁর কাছে স্বাভাবিক মনে হলেও বন্ধুদের বাড়িতে তা না দেখে তিনি অবাক হতেন; পাশাপাশি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের বেদনার কথাও তুলে ধরেন তিনি। ওই মন্তব্যের জেরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-সহ বিজেপির একাংশ রাহুলকে কটাক্ষ করে দাবি করেন, তিনি বেফাঁস মন্তব্যে সোনিয়া গান্ধীকে অস্বস্তিতে ফেলেছেন এবং ‘প্রোডাক্ট’ হিসেবে লঞ্চ বা রিলঞ্চের অযোগ্য হয়ে পড়েছেন। এরই প্রেক্ষিতে একাধিক পোস্টের মাধ্যমে বিজেপি ও আরএসএসকে নিশানা করছেন বিরোধী দলনেতা।
