অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভেন্টিলেশনে ভর্তি

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত ৯টা নাগাদ তিনি নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

বর্তমানে তিনি শহরের ওই বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। চিকিৎসকদের একটি দল তাঁর অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছেন। প্রাথমিক তথ্যে শরীরে বিষক্রিয়ার প্রভাবের কথা জানা গেলেও, অসুস্থতার কারণ এখনও স্পষ্ট নয়। রবিবার সকালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় হাসপাতালে গিয়ে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন। বিজেপি জেলা নেতৃত্ব বা পরিবারের পক্ষ থেকে অসুস্থতার কারণ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সন্দেশখালি আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া রেখা পাত্র ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন। তাঁর আকস্মিক অসুস্থতায় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *