আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটের মাপ পরীক্ষা করবেন আম্পায়াররা: আইসিসির নতুন নিয়ম

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের দাপট কমাতে এবং ছক্কার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বড় সিদ্ধান্ত নিল আইসিসি। এখন থেকে আন্তর্জাতিক ম্যাচের সময় আম্পায়াররা ক্রিকেটারদের ব্যাটের মাপ পরীক্ষা করতে পারবেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন এমসিসি ক্রিকেট কমিটির প্রস্তাবের ভিত্তিতে এই নিয়ম কার্যকর করার বিষয়ে ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির কর্মসমিতির বৈঠকে সম্মতি জানানো হয়েছে। এমসিসির ক্রিকেট আইন অনুযায়ী, ব্যাটের প্রান্তের গভীরতা ১.৫৬ ইঞ্চি, ব্যাটের গভীরতা ২.৬৪ ইঞ্চি এবং প্রস্থ ৪.২৫ ইঞ্চির মধ্যে থাকা বাধ্যতামূলক।
অনেক সময় এই নিয়ম না মেনে বড় বা ভারী ব্যাট ব্যবহারের অভিযোগ ওঠে। এর ফলে ব্যাটাররা সহজে বড় শট খেলতে পারেন। এই প্রবণতা রুখতে আম্পায়ারদের বিশেষ পরিমাপক যন্ত্র দেওয়া হবে, যার মাধ্যমে তাঁরা যেকোনো সময় ব্যাটের মাপ যাচাই করতে পারবেন। গত বছর আইপিএলে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হয়েছিল। এবার তা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই কার্যকর হবে।
