আইফেল টাওয়ারে মহিলা কর্মী সরানোর চরম মূল্য!পদ ছাড়ছেন পরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো

ফ্রান্সের বিশ্বখ্যাত আইফেল টাওয়ার থেকে মহিলা কর্মীদের সরানোর বিতর্কিত শর্ত মেনে নেওয়ার জেরে অবশেষে বড় পদক্ষেপ গ্রহণ করল পরিচালনা পর্ষদ।বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ (BAPS) সংস্থার একটি প্রতিনিধি দলের সফরের সময় লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিলেন কর্মীরা। টাওয়ার পরিচালন সংস্থা এসইটিই-র অভ্যন্তরীণ তদন্তে ব্যবস্থাপনার গুরুতর ত্রুটি ধরা পড়ার পর, প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করে চলতি বছরের শেষেই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আইফেল টাওয়ারের পরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো।
গত সেপ্টেম্বর মাসে প্যারিসের এই ল্যান্ডমার্কে একটি মন্দিরের উদ্বোধন উপলক্ষে পরিদর্শনে আসা প্রতিনিধি দলের দাবির মুখে মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জোরালো অভিযোগ ওঠে।এই ঘটনাকে কেন্দ্র করে ফরাসি রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয় এবং কর্মী অসন্তোষের জেরে টাওয়ারের কার্যক্রম ব্যাহত হয়।যদিও বিএপিএস সংস্থার পক্ষ থেকে আগেই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানানো হয়েছিল যে তাদের কোনো বৈষম্যমূলক উদ্দেশ্য ছিল না, তবুও সামগ্রিক এই বিতর্কের প্রেক্ষিতে পরিচালক পদের পরিবর্তন ঘটল।
