আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তুতি শুরু রাজ্যের, অনলাইনে ব্যয় সংক্রান্ত প্রস্তাব জমার কড়া নির্দেশ অর্থ দপ্তরের!

২০২৭-২৮ অর্থবর্ষের বাজেট এবং ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র গত বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রশাসনিক ব্যয় সংক্রান্ত যাবতীয় প্রস্তাব অনলাইনে জমা দিতে হবে। এই প্রস্তাবগুলি আই-বাজেট ২.০ পোর্টালের ডিপার্টমেন্টাল বাজেট এন্ট্রি মডিউলে জমা করা বাধ্যতামূলক।
নির্দেশিকা অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া প্রস্তাবকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং এর জন্য আলাদাভাবে কোনো কাগজের কপি পাঠানোর প্রয়োজন নেই। ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেটের ক্ষেত্রে এখনও পর্যন্ত হওয়া প্রকৃত খরচ ও আগামী মাসগুলির সম্ভাব্য খরচের হিসাব দিতে হবে। এ ছাড়া, অতিরিক্ত বরাদ্দ, তহবিল পুনর্বিন্যাস এবং নতুন সাব-হেড চালুর মতো বিষয়গুলিও প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শতাব্দী প্রাচীন পাইপের ফাটল মেরামতে ‘পাতাল প্রবেশ’! ক্যামেরা ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে নামবেন বিশেষজ্ঞরা
পলতা থেকে টালা ট্যাঙ্কে জল সরবরাহকারী ১০৭ বছরের পুরনো ৭২ ইঞ্চি ব্যাসার্ধের মূল পাইপের দুটি ফাটল মেরামতে এবার পাতালে নামছে কলকাতা পুরসভার পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। পূর্ব রেলের অনুমতি পাওয়ার পর পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের উদ্যোগে গঠিত এই কমিটিতে প্রাক্তন ও বর্তমান ডিজি, যাদবপুরের অধ্যাপক ও স্পেশাল কমিশনার রয়েছেন। ঘূর্ণিঝড়ের বৃষ্টির কারণে কর্মসূচি সামান্য পিছিয়ে সোম বা মঙ্গলবার ম্যানহোল কেটে পাইপের ভেতর ঢুকে অত্যাধুনিক ক্যামেরা, আলো ও ডিজিটাল যন্ত্রের সাহায্যে ভিডিওগ্রাফি ও পরিদর্শন করবেন তাঁরা।
মূল পাইপের ৫০০ মিটার অংশ বাইপাস করে ৪৮ ইঞ্চি পাইপের মাধ্যমে শহরে জল সরবরাহ সচল রাখায় জল বন্ধের প্রয়োজন হচ্ছে না, তবে উত্তর ও মধ্য কলকাতার কিছু ওয়ার্ডে সাময়িক জলসংকট দেখা দিয়েছে। মেরামতে ১৫ দিন সময় লাগার কথা থাকলেও দ্রুত কাজ শেষের আশা করছেন বিশেষজ্ঞরা। তবে কমিটির এক প্রবীণ সদস্য সতর্ক করে জানিয়েছেন, ব্রিটিশ আমলের এই পাইপে বারবার জোড়াতালি না দিয়ে পুরোপুরি বদলে ফেলা জরুরি, অন্যথায় চোরা-ফাটল দিয়ে জলে সংক্রমণ ঘটলে তা নাগরিকদের জন্য চরম বিপজ্জনক হতে পারে।
