আসানসোলে পুলিশের গুলিতে জখম প্রতাপ দাস, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

আসানসোলের হিরাপুর থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন প্রতাপ দাস নামে এক ব্যক্তি। একটি সাইবার প্রতারণা মামলায় অভিযুক্ত প্রতাপকে বুধবার ইসমাইল এলাকা থেকে ধরার চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।
শুক্রবার ফের ওই এলাকা থেকেই তাঁকে পাকড়াও করে পুলিশ। পুলিশের দাবি, এ বারও প্রতাপ গুলি চালালে পাল্টা গুলিতে তাঁর ডান পায়ে আঘাত লাগে। বর্তমানে তিনি আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে চিকিৎসাধীন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতাপ দাস দাবি করেন, মুসাফির নামে এক ব্যক্তি তাঁকে খুনের বরাত দিয়েছিলেন। সেই কাজে রাজি না হওয়ায় তাঁকে ফাঁসানো হয়েছে। তবে এই দাবির সত্যতা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, প্রতাপের স্ত্রী নীতু দেবীর অভিযোগ, তাঁর স্বামী বৃহস্পতিবার রাতেই আদালতে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁকে সেই সুযোগ না দিয়ে এনকাউন্টার করেছে। পুলিশের কাছে থাকা ভয়েস রেকর্ডিং নিরপেক্ষভাবে তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেছেন। প্রতাপের মা রঞ্জনা দাসের দাবি, তাঁর ছেলে গত দুই বছর কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি অভিযোগ করেন, প্রভাবশালীরা প্রতাপকে স্বাভাবিক জীবনে ফিরতে দিচ্ছে না এবং পুলিশ নিজেদের স্বার্থে তাঁকে ব্যবহার করার চেষ্টা করছে। সুস্থ হওয়ার পর প্রতাপকে আদালতে হাজির করাবে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রতাপের করা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
