ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের নয়া নির্দেশ

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, বিচার বিভাগীয় আধিকারিকের সিদ্ধান্ত ই-সই না হলেও ভোটারের নাম ‘বিচারাধীন’ হিসেবে আটকে রাখা যাবে না। বিচারকের লিখিত সিদ্ধান্তকেই চূড়ান্ত ধরে ইআরওরা ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।

খসড়া ভোটার তালিকায় অনেক সময় নামের পাশে ‘বিবেচনাধীন’ লেখা থাকে। অনেক ক্ষেত্রে বিচারক সিদ্ধান্ত নিলেও ই-সই না হওয়ায় তা ঝুলে থাকে। কমিশন স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র ই-সই না হওয়ার অজুহাতে ভোটারদের নাম আটকে রাখা যাবে না। যে সব ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি, সেগুলিও ইআরওর কাছে পাঠাতে বলা হয়েছে, যাতে দ্রুত আইন মেনে সিদ্ধান্ত নেওয়া যায়।

তবে যে সব ভোটারের নাম বিচারক বাদ দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছে, তাদের ক্ষেত্রে ট্রাইবুনালের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নতুন করে ফর্ম-৬ গ্রহণ করা যাবে না। ট্রাইবুনাল নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখলে তা কার্যকর করতে হবে।

এছাড়াও, রাজ্যে বুথ পুনর্বিন্যাসের জন্য সিইও দপ্তরের আবেদন মঞ্জুর করেছে কমিশন। বুথের জায়গা পরিবর্তন হলে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক দলগুলিকে তা জানাতে হবে এবং নতুন বুথের ঠিকানা সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *