ইনস্টাগ্রাম প্রেমের জের! স্বামীকে বিষমাখা পায়েস খাইয়ে বালিশ চাপা দিয়ে খুন করল স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
বাগপত: উত্তরপ্রদেশের বাগপতে অতীতে সাড়া জাগানো ‘ব্লু ড্রাম’ হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনল এক হাড়হিম করা ঘটনা। এবার স্বামীকে সরাতে বিষমাখা পায়েস খাইয়ে, বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের (Instagram) মাধ্যমে এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল ওই মহিলার। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পরিচয় পরকীয়ায় রূপ নেয়। প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর হয়ে ওই মহিলা নিজের স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষে।
পরিকল্পনা অনুযায়ী, বাড়িতে অত্যন্ত সুস্বাদু পায়েস তৈরি করে তাতে কড়া বিষ মিশিয়ে দেয় সে। এরপর হাসিমুখে সেই বিষমাখা পায়েস স্বামীকে খেতে দেয়। পায়েস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। স্বামী অচেতন হয়ে পড়তেই ওই মহিলা তার প্রেমিককে ঘরে ডেকে আনে। এরপর দুজনে মিলে অচৈতন্য ব্যক্তির মুখে ও গলায় বালিশ চেপে ধরে শ্বাসরোধ করে তাঁকে নৃশংসভাবে খুন করে।
পোস্টমর্টেমে ফাঁস হলো সত্যি:
স্বামীকে খুনের পর ওই স্ত্রী এমনভাবে কান্নাকাটি শুরু করে যাতে কারও মনে কোনও সন্দেহ না জাগে। মাঠে চাষের কীটনাশকের গ্যাসে অসুস্থ হয়েই তাঁর স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে সে। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃতের ময়নাতদন্তের (Visceral Test) রিপোর্ট আসতেই আসল সত্য সামনে চলে আসে। রিপোর্টে স্পষ্ট জানা যায়, ওই ব্যক্তির শরীরে বিষ ছিল এবং তাঁকে শ্বাসরোধ করে মারা হয়েছে।
পুলিশের কড়া জেরা ও তদন্তের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের অপরাধ কবুল করতে বাধ্য হয় ওই ঘাতক স্ত্রী। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পর থেকে পলাতক তাঁর প্রেমিক। পুলিশ ওই যুবকের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার একটি পরকীয়া সম্পর্ক কীভাবে একটি সাজানো সংসার ধ্বংস করে শ্রীঘরে পৌঁছে দিল, তা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
