ইরানের সঙ্গে ট্রাম্পের মেগা ‘শান্তি চুক্তি’! এক ধাক্কায় ৪% সস্তা হলো আন্তর্জাতিক বাজারের তেল – এবেলা

এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন: বিশ্ব রাজনীতি ও অর্থনীতির বাজারে এক ঐতিহাসিক মোড়। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে ইরানের সঙ্গে বহুপ্রতীক্ষিত ‘শান্তি চুক্তি’ সইয়ের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই একটি ঘোষণাতেই সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম এক ধাক্কায় কমে গেল প্রায় ৪ শতাংশ। বড়সড় উত্থান দেখা গিয়েছে বিশ্বের একাধিক দেশের শেয়ার বাজারেও।
আমেরিকান প্রেসিডেন্ট তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ মধ্যরাতে এই সুখবর ভাগ করে নেন। ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ় প্রণালী’ পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ইরানের বন্দর থেকে মার্কিন নৌবাহিনীকে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেন, এখন থেকে এই প্রণালী দিয়ে যাওয়ার সময় কোনও জাহাজকেই আর বাড়তি টোল দিতে হবে না। বিশ্ববাসীকে বার্তা দিয়ে ট্রাম্পের চেনা ভঙ্গিতে আহ্বান, “সব জাহাজকে বলছি, ইঞ্জিন চালু করো। তেল বয়ে যেতে দাও।”
ব্যারেল প্রতি তেলের দাম কত দাঁড়াল?
বিশ্বের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ করা হয় এই হরমুজ় প্রণালী দিয়ে। গত কয়েক মাস ধরে যুদ্ধের কারণে এই জলপথ কার্যত স্তব্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়েছিল। তবে ট্রাম্পের এই ঐতিহাসিক বার্তার পর সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৩.৭৭ ডলারে নেমে এসেছে। মার্কিন বাজারেও (ইউএস ক্রুড ফিচার্স) দাম ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮০.৮৩ ডলার। ভূ-রাজনৈতিক ঝুঁকি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাজার বিশ্লেষকরা।
হু হু করে বাড়ছে শেয়ার বাজার:
তেলের দাম কমার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। আমেরিকার শেয়ার বাজারে ডাও জোন্স ০.৭ শতাংশ, এসঅ্যান্ডপি ০.৯ শতাংশ এবং নাসডাক সূচক প্রায় ১.৪ শতাংশ বেড়েছে। এশিয়ার বাজারেও এসেছে জোয়ার; দক্ষিণ কোরিয়ার কসপি সূচক এক লাফে ৫ শতাংশের বেশি এবং জাপানের নিক্কেই সূচক প্রায় ৩.৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ় প্রণালী খোলায় বিশ্বজুড়ে তেলের বাজারে যে মন্দাভাব কাটবে, তা বলাই বাহুল্য।
