গুগল ট্রেন্ডসে মোদী-শাহকে পেছনে ফেলে শীর্ষে মমতা!

বাংলার ভোটের আবহে ডিজিটাল ময়দানে নিজেদের আধিপত্যের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। ‘গুগল ট্রেন্ডস’-এর সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে শাসক দলের দাবি, ইন্টারনেটে সাধারণ মানুষের আগ্রহের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চেয়ে ঢের এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনমানসের এই আগ্রহ ভোটের লড়াইয়ে বড় প্রভাব ফেলবে বলে মনে করছে তৃণমূল।
তৃণমূলের পেশ করা গত সপ্তাহের তথ্য অনুযায়ী, গুগল সার্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কোর ৩১, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কোর ১৭। অর্থাৎ, রাজ্যে মোদীর তুলনায় মমতাকে নিয়ে তৈরি হওয়া জনআগ্রহ দ্বিগুণেরও বেশি। তালিকার অন্যান্য নেতাদের মধ্যে অমিত শাহের স্কোর ৭ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্কোর মাত্র ৩। বিশ্লেষকদের মতে, ভোটের দোরগোড়ায় এই ডিজিটাল পরিসংখ্যানকে সামনে রেখে তৃণমূল যেমন নিজেদের কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে চাইছে, তেমনই তরুণ ভোটারদের কাছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ক্যারিশমা তুলে ধরতেও সচেষ্ট হয়েছে।
