গ্যাস-অম্বল বা ক্লান্তি কি হার্টের সমস্যার লক্ষণ? জেনে নিন সতর্ক হওয়ার উপায়

শারীরিক পরিশ্রমের সময় অস্বস্তি বাড়লে এবং বিশ্রামে তা কিছুটা কমলে সেই লক্ষণকে অবহেলা করা উচিত নয়। অনেক সময় হার্টের সমস্যার লক্ষণগুলো সাধারণ বদহজম বা গ্যাস-অম্বলের মতো মনে হতে পারে। বুকে চাপ ধরা, দমবন্ধ ভাব বা জ্বালাপোড়া হার্টের সমস্যার অন্যতম সাধারণ উপসর্গ। এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পরেও অস্বাভাবিক ক্লান্তি, সিঁড়ি ভাঙলে বা অল্প হাঁটলে শ্বাসকষ্ট হওয়া হার্টের সমস্যার ইঙ্গিত হতে পারে।
শরীরের অন্যান্য অংশে ব্যথা ছড়িয়ে পড়াও কার্ডিওভাসকুলার সমস্যার লক্ষণ হতে পারে। হাত, চোয়াল, পিঠ বা পেটের ওপরের অংশে ব্যথা হলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো লক্ষণগুলো বেশি প্রকট হতে পারে। এছাড়া বমি বমি ভাব, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও হার্টের সমস্যার সঙ্গে যুক্ত থাকতে পারে। শারীরিক ক্ষমতার হঠাৎ পরিবর্তন, যেমন আগে অনায়াসে করা কাজ এখন করতে কষ্ট হওয়া হার্টের পাম্পিং ক্ষমতার সমস্যার ইঙ্গিত দেয়।
বুকে চাপ, ঘাম, শ্বাসকষ্ট বা ব্যথা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি-তীব্রতার অ্যারোবিক ব্যায়ামের পরামর্শ দেয়। তবে নতুন কোনো ব্যায়ামের রুটিন শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, বিশেষ করে যদি আগে থেকেই হার্টের কোনো সমস্যা থাকে।
