ঘাটাল: ৭ লক্ষ টাকার সোলার প্রকল্প অকেজো, ঝুমি নদীর পাড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে মূল্যবান সরকারি সম্পদ নষ্ট হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের অদূরে ঝুমি নদীর পাড়ে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের বর্জ্য সংগ্রহের গাড়িগুলি পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে গাড়িগুলি আগাছায় ঢেকে গিয়েছে এবং যন্ত্রাংশ নষ্ট হতে শুরু করেছে। একই চত্বরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে ২০২৩ সালে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে একটি গ্রিড-সংযুক্ত সোলার প্ল্যান্ট বসানো হয়েছিল। কিন্তু বিদ্যুৎ সংযোগ বা প্রয়োজনীয় অনুমোদনের অভাবে প্রকল্পটি আজও চালু হয়নি।
এ বিষয়ে মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র জানান, সোলার প্রকল্পটি চালুর বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে বিদ্যুৎ দফতরে আবেদন জানানো হয়েছে। সংযোগের কাজ সম্পন্ন না হওয়ায় তা চালু করা সম্ভব হয়নি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের গাড়িগুলি প্রসঙ্গে তিনি জানান, প্রয়োজনীয় কর্মীর অভাবে কাজ শুরু করা যায়নি, তবে শীঘ্রই তা শুরুর চেষ্টা চলছে। প্রশাসনের তরফে আশ্বাসের কথা বলা হলেও, সরকারি অর্থের সঠিক সদ্ব্যবহার এবং পরিষেবা কবে মিলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
