চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য, মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত

চাঁদের পৃষ্ঠের অনুরূপ কৃত্রিম মাটিতে আলু চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার সহায়তায় ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই পরীক্ষাটি চালিয়েছেন, যার ফলাফল ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে প্রকাশিত হয়েছে। চাঁদের মাটিতে জৈব পদার্থ ও নাইট্রোজেনের অভাব থাকে এবং এতে থাকা ভারী ধাতু ফসলের জন্য ক্ষতিকর হতে পারে। এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে গবেষকরা কৃত্রিম চন্দ্রমাটির সঙ্গে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে চাষের চেষ্টা করেন।
পরীক্ষায় দেখা গেছে, সার ছাড়া লাগানো আলুগাছে তেমন কোনো ফলন হয়নি। তবে মাটিতে মাত্র ৫ শতাংশ কেঁচো সার মেশানোর ফলে গাছে শিকড় ও আলু ধরতে শুরু করে। ৩০ শতাংশ সার ব্যবহারের পর যে ফলন পাওয়া গেছে, তা পৃথিবীর সাধারণ মাটির ফলনের প্রায় সমান। মহাকাশ অভিযানে আলু অত্যন্ত উপযোগী একটি ফসল, কারণ এটি অল্প জায়গায় প্রচুর ক্যালোরি, পটাশিয়াম ও ভিটামিন সি সরবরাহ করতে সক্ষম। এর ফলে নভোচারীদের পৃথিবী থেকে অতিরিক্ত খাবার বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে।
গবেষণায় দেখা গেছে, এই বিশেষ পরিবেশে জন্মানো আলুর পুষ্টিগুণ অটুট রয়েছে এবং এতে ক্ষতিকর বিষাক্ত উপাদানের মাত্রা বাড়েনি। তবে কিছু নমুনায় ভারী ধাতুর উপস্থিতি সামান্য বেশি পাওয়া গেছে, যা নিয়ে আরও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। বর্তমানে এই পরীক্ষাটি পৃথিবীর গ্রিনহাউসে ছোট টবে করা হয়েছে, যার ফলে উৎপাদিত আলুর ওজন ১০ গ্রামের কম। বড় পাত্রে চাষ করলে স্বাভাবিক আকারের আলু পাওয়া সম্ভব কি না, তা নিশ্চিত হতে ভবিষ্যতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন গবেষকরা।
