সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ফেয়ারনেস ক্রিম ব্যবহার, কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ফেয়ারনেস ক্রিম ব্যবহার, কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কেরলের মালাপ্পুরমের এক ১৭ বছরের কিশোরী সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার শুরু করেন। ব্রণ ও দাগ দূর করার প্রতিশ্রুতি দেওয়া ওই ক্রিমটি তিনি প্রায় এক বছর ধরে নিয়মিত ব্যবহার করেন। কিন্তু কিছুদিন পর থেকেই তাঁর রক্তচাপ কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে যাওয়া এবং পা ফুলে যাওয়ার মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। হাঁটাচলা করতেও সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে।

অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালাপ্পুরমের অ্যাস্টার মিমস মাদার হাসপাতালে ভর্তি করা হয়। নেফ্রোলজিস্ট ডাঃ গৌরী এস জানান, পরীক্ষার পর কিশোরীর শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি ধরা পড়ে। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায়, ওই ক্রিমটিতে ১২,৫০০ পিপিএম পারদ রয়েছে, যা অনুমোদিত নিরাপদ মাত্রার চেয়ে বহুগুণ বেশি। অতিরিক্ত পারদের প্রভাবে কিশোরীর কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামক রোগ ধরা পড়েছে।

চিকিৎসকদের মতে, পারদযুক্ত প্রসাধনী কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। কিশোরীর পরিবার সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকরা সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছেন, রাতারাতি ফর্সা হওয়ার অবাস্তব বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে ত্বকের যেকোনো সমস্যায় চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সোশ্যাল মিডিয়ার প্রচার দেখে যাচাই না করে কোনো প্রসাধনী ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *