চাপের মুখে বড় সিদ্ধান্ত! পশ্চিমবঙ্গ সহ ২০ রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ উদ্যোগ কমিশনের

তীব্র রাজনৈতিক বিরোধিতার মুখে পড়ে বড়সড় পদক্ষেপে পিছল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, বিহার ও কেরালাসহ যে ২০টি রাজ্যে এসআইআর-এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, সেখানে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি বা ‘স্পেশাল ড্রাইভ’ চালুর ঘোষণা করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপে বুথ লেভেল অফিসাররা সরাসরি সাধারণ মানুষের বাড়ি গিয়ে ফর্ম-৬ পূরণ করাবেন এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করবেন। রাজনৈতিক দলগুলির তীব্র আপত্তির পরই ব্যাকফুটে গিয়ে এই উদ্যোগ নিয়েছে কমিশন।
তবে এই বিশেষ পদক্ষেপে বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় বাইশ লক্ষ নাগরিক, যাঁদের নাম এসআইআরে বাদ পড়ার পর ট্রাইব্যুনালে আবেদন জমা দিয়েছেন, তাঁরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কমিশন স্পষ্ট জানিয়েছে, ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়গুলির ক্ষেত্রে এই বিশেষ ড্রাইভ প্রযোজ্য হবে না। তা সত্ত্বেও প্রান্তিক মানুষ ও ভবঘুরেদের ভোটার তালিকায় আনতে রাজ্যজুড়ে বিশেষ শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন।
