চিটফান্ড মামলায় নিষ্ক্রিয়তার অভিযোগে তালুকদার কমিটিকে ভর্ৎসনা হাইকোর্টের

চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া নিয়ে তালুকদার কমিটির কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গত ১২ বছরে কমিটি কার্যত কোনও উল্লেখযোগ্য কাজই করতে পারেনি। কোন চিটফান্ড সংস্থার কত টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে, কতগুলি আবেদন জমা পড়েছে এবং কত সম্পত্তি বাজেয়াপ্ত বা বিক্রি করা হয়েছে, তার কোনও সুনির্দিষ্ট তথ্য কমিটি আদালতে পেশ করতে ব্যর্থ হয়েছে।
কমিটির ওয়েবসাইটের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আদালত। শুনানিতে উঠে আসে যে, ওয়েবসাইটে এখনও ৮৯টি চিটফান্ড সংস্থার নাম থাকলেও, বাস্তবে কমিটির ওপর ১০৫টি সংস্থার দায়িত্ব ন্যস্ত রয়েছে। ওয়েবসাইট আপডেট না করার বিষয়টি নিয়ে বিচারপতিরা প্রশ্ন তোলেন, কমিটি আসলে কী কাজ করছে। এছাড়া কমিটির কর্মীদের বেতন ও কাজের ধরণ নিয়েও আদালত কড়া অবস্থান নিয়েছে। সরকারের দেওয়া ৩৪ জন কর্মীর মধ্যে ১৬ জন ডেটা এন্ট্রি অপারেটর হওয়া সত্ত্বেও কাজের অভাব কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতিরা।
আমানতকারীদের টাকা ফেরানোর ক্ষেত্রে কমিটির এই দীর্ঘসূত্রতা ও গাফিলতিকে জনগনের করের টাকার অপচয় বলে মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, প্রথম দফায় যে ৫৩টি চিটফান্ড সংস্থার দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছিল, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে সেই সবকটি সংস্থার যাবতীয় তথ্যসংবলিত বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। নির্দিষ্ট কোনো কো ম্পা নির তথ্য না থাকায় কমিটির আইনজীবীকেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে।
