চিন-পাকিস্তান আঁতাত নিয়ে ভারতের দাবিতেই সিলমোহর! মার্কিন রিপোর্ট ঘিরে কী বললেন প্রাক্তন কূটনীতিক?

চিন-পাকিস্তান আঁতাত নিয়ে ভারতের দাবিতেই সিলমোহর! মার্কিন রিপোর্ট ঘিরে কী বললেন প্রাক্তন কূটনীতিক?

চিন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্ক নিয়ে মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক রিপোর্ট ভারতের দীর্ঘদিনের দাবিকেই মান্যতা দিয়েছে বলে মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় কূটনীতিক মহেশ সচদেব। তাঁর দাবি, ভারতকে চিনের সমকক্ষ প্রতিযোগী হিসেবে উঠে আসতে বাধা দিতে ইসলামাবাদকে দীর্ঘদিন ধরে সামরিক অস্ত্র, প্রযুক্তি ও পরিকাঠামোগত সহায়তা দিয়ে আসছে বেজিং। মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (USCC) রিপোর্টে বলা হয়েছে, চিন-পাকিস্তান সামরিক অংশীদারিত্ব ভারতের সামনে দুই ফ্রন্টে নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করছে। পাকিস্তানে চিনের অস্ত্র রফতানি এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে ৬৭০০ কোটি ডলারের বিনিয়োগও এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন সচদেব।

রিপোর্টে ভারত মহাসাগর-সহ বিভিন্ন ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। গোয়েন্দা তথ্য আদানপ্রদান, চিনা নৌবাহিনীর গতিবিধির উপর যৌথ নজরদারি এবং ইন্দো-আমেরিকান স্ট্র্যাটেজিক লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর প্রস্তাবও রয়েছে। ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও হামলার পর ভারত-পাক সংঘাত এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গও উঠে এসেছে রিপোর্টে। সচদেবের মতে, এই সুপারিশ কার্যকর হলে ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে। তবে ট্রাম্পের ভারতনীতি নিয়ে অসঙ্গতির অভিযোগও তুলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *