জগদ্ধাত্রী পুজোয় ভিড় সামলাতে বিশেষ ট্রেন ও কড়া নিরাপত্তা পূর্ব রেলের

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু ও চুঁচুড়া স্টেশনে যাত্রীদের বিপুল ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের অনুমান, উৎসবের দিনগুলিতে এই স্টেশনগুলিতে প্রতিদিন প্রায় এক লক্ষ যাত্রী যাতায়াত করবেন। এই ভিড় সামাল দিতে হাওড়া-ব্যান্ডেল রুটে নিয়মিত ১৬০টি ইএমইউ ট্রিপের পাশাপাশি অতিরিক্ত ১২৯টি বিশেষ ইএমইউ ট্রিপ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রাতের দিকে যাত্রীদের সুবিধার্থে ১৩ থেকে ২০ নভেম্বরের মধ্যে বিভিন্ন রাতে ১২টি থেকে ২১টি পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া হাওড়া ও ব্যান্ডেল স্টেশনে দুটি ইএমইউ স্ক্র্যাচ রেক প্রস্তুত রাখা হয়েছে। শিয়ালদহ ডিভিশনেও রানাঘাট ও কৃষ্ণনগর সিটির মধ্যে বিশেষ ট্রেন চলবে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাওড়া ডিভিশনে ২৫৮ জন আরপিএফ কর্মী ও ৫৭০ জন আধিকারিক মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ১৪টি নাইট পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। নজরদারির জন্য ১০৪টি সিসিটিভি ক্যামেরা, ১৪টি সৌরচালিত সিসিটিভি এবং তিনটি ড্রোন ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের সঠিক তথ্য দিতে ১৭টি লাউডস্পিকার সচল রাখা হয়েছে। চন্দননগর, মানকুণ্ডু, চুঁচুড়া ও ভদ্রেশ্বর স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে যাতে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়।
চন্দননগর স্টেশনে যাত্রীদের জন্য ৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে লাল কার্পেট বিছানো হয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে চন্দননগর ও মানকুণ্ডু স্টেশনে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স বুথ এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। স্টেশন চত্বর পরিষ্কার রাখতে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রেল প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
