‘মাতৃভূমি’ ছবির কলাকুশলীদের বহুমূল্য ঘড়ি উপহার দিলেন সলমন খান

গত ১২ নভেম্বর পানভেলে নিজের ফার্মহাউসে ‘মাতৃভূমি’ ছবির গোটা টিমের জন্য একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন সলমন খান। ছবির ট্রেলার মুক্তির দু’দিন পরেই এই জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে টিমের সদস্যদের জানানো হয়েছিল যে, ছবির প্রচার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। তবে ফার্মহাউসে পৌঁছানোর পর তাঁদের জন্য অপেক্ষা করছিল এক রাজকীয় চমক।
সলমন খান ছবির প্রায় ২০ থেকে ২৫ জন অভিনেতা ও কলাকুশলীর হাতে বহুমূল্য সুইস ঘড়ি উপহার হিসেবে তুলে দেন। কাপুর ওয়াচ কো ম্পা নি থেকে সংগৃহীত এই ঘড়িগুলোর মধ্যে পুরুষ সদস্যদের জন্য ছিল লংজিনস ও ট্যাগ হিউয়ার ব্র্যান্ডের ঘড়ি এবং মহিলা সদস্যদের জন্য ছিল রাডোর বিশেষ টাইমপিস। প্রতিটি ঘড়ির আনুমানিক মূল্য ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে। ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের কঠোর পরিশ্রম ও পাশে থাকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই অভিনেতা এই উদ্যোগ নেন।
এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া, চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ, তানিয়া দেশাই এবং সংলাপ লেখক চিন্তন শাহ। গত ১০ নভেম্বর মুম্বইয়ে ‘মাতৃভূমি’ ছবির ট্রেলার মুক্তি পায়। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ তারিখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলতি বছরে এটিই সলমন খানের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবি। সহকর্মীদের সঙ্গে কাটানো এই মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে।
