জার্মানিতে খেলার মাঠে বসে জরিমানা, ক্ষুব্ধ স্থানীয়রা

জার্মানির গেলসেনকির্খেন শহরে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে ২৫ ইউরো (প্রায় ২,৫৪০ টাকা) জরিমানা দিতে হল ৩১ বছর বয়সি এক তরুণীকে। মানসিক চাপে নির্জনে সময় কাটাতে তিনি সেখানে বসেছিলেন।
পুরসভার তিন আধিকারিক তাঁকে জিজ্ঞাসা করেন, মাঠে থাকা শিশুরা তাঁর সন্তান কি না। তরুণী 'না' বলায় তাঁকে জরিমানা করা হয়। গেলসেনকির্খেন পুরসভার নিয়ম অনুযায়ী, শহরের খেলার মাঠগুলি ১৪ বছর বা তার কমবয়সি শিশুদের জন্য সংরক্ষিত। অভিভাবক ছাড়া কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশুদের সঙ্গে না থাকলে সেখানে প্রবেশ বা বসা নিষিদ্ধ।
পুর কর্তৃপক্ষের দাবি, শিশু অপহরণের ঝুঁকি কমানো এবং মাঠের অননুমোদিত ব্যবহার রুখতেই এই নিয়ম। ভবিষ্যতে জরিমানার অঙ্ক বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। পুরসভার এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, মানসিক অবসাদে থাকা ব্যক্তিকে সাহায্য না করে জরিমানা করা অমানবিক। পুরসভা অবশ্য তাদের সিদ্ধান্তে অনড়।
