ঝাড়গ্রামে রাস্তায় পড়ে থাকা তালাবদ্ধ লাল ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

সোমবার সকালে ঝাড়গ্রামে রাস্তার একপাশে চেন ও ছোট তালা লাগানো একটি লাল ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগের রাত থেকেই ব্যাগটি সেখানে পড়ে থাকতে দেখে প্রথমে গুরুত্ব না দিলেও ক্রমে সন্দেহ ও ভয়ের পরিবেশ তৈরি হয়। বোমাতঙ্কের জেরে সকাল থেকেই এলাকা কার্যত শুনশান হয়ে যায় এবং সামনের বেশ কয়েকটি দোকানের ঝাঁপ ওঠেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝাড়গ্রাম থানার পুলিশ স্থানীয়দের সরিয়ে গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতির ওপর নজর রাখে।
পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের দল। প্রশাসনিক নিরাপত্তা মেনে ব্যাগটি পরীক্ষা করার পর পুলিশ জানায়, ওই ব্যাগে সন্দেহজনক কিছুই মেলেনি এবং এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হতে বলা হয়। পুলিশি আশ্বাসে এলাকায় স্বস্তি ফিরলেও ব্যাগটি কার, তা কোনো উদ্দেশ্যে রাখা হয়েছিল নাকি ভুলবশত পড়ে গিয়েছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
