টাকার অভাবে বন্ধ ছিল বিয়ে, মাটি খুঁড়তেই মিলল ৫০ লাখ টাকার হিরে! – এবেলা

এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের পান্না জেলার সারোখা গ্রামে মাটি খুঁড়তে গিয়ে রাতারাতি ভাগ্য বদল হলো সাত শ্রমিকের। দীর্ঘদিন চরম আর্থিক অনটনে দিন কাটানো এই শ্রমিকরা নিজেরাই একটি পরিত্যক্ত খনি ইজারা নিয়েছিলেন। সম্প্রতি বর্ষার মধ্যে খনিটি পরিদর্শনের সময় তাঁদের নজরে আসে একটি চকচকে অমূল্য রতন। পরীক্ষা করে দেখা যায়, এটি ১৭.৯৬ ক্যারেটের একটি বহুমূল্য হিরে, যার বর্তমান বাজারমূল্য অন্তত ৫০ লাখ টাকা। পান্না অঞ্চল বরাবরই হিরের খনির জন্য বিখ্যাত হলেও, এই সাত শ্রমিকের এমন আকস্মিক প্রাপ্তি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিয়ম অনুযায়ী, হিরেটি বর্তমানে সরকারি সংগ্রহশালায় রাখা হয়েছে এবং আগামী অক্টোবর মাসে সরকারি উদ্যোগে এটি নিলামে তোলা হবে। নিলামে বিক্রির অর্থ থেকে ১২ শতাংশ রয়্যালটি কেটে নেওয়ার পর বাকি টাকা সমান ভাগে ভাগ হবে এই সাত শ্রমিকের মধ্যে। চরম দারিদ্র্যের কারণে এতদিন যাঁদের অনেকেরই বিয়ে আটকে ছিল কিংবা সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল, এই অর্থ তাঁদের জীবনে বড় স্বস্তি আনবে। বিশেষজ্ঞদের মতে, পান্নার এই খনিতে আরও হিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা এই শ্রমিকদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারে।
