টাকা আটকে স্পেশাল অফিসার! ‘অর্থাভাবে’ হাই কোর্টে মমতার দল, মিলল না দ্রুত শুনানি – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন দুর্গাপুজোর মুখে কর্মচারীদের বেতন ও ঘরভাড়ার টাকা না পেয়ে চরম সংকটে পড়েছে মমতা তৃণমূল। আদালত নিযুক্ত স্পেশাল অফিসার সুব্রত তালুকদার ফান্ড থেকে অর্থ ছাড়তে অস্বীকৃতি জানানোর অভিযোগে অবশেষে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। মমতা তৃণমূলের আইনজীবী মামলাটির জরুরিভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানালেও আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছে। আদালত সূত্রে জানানো হয়েছে, পুজো এবং আদালতের ছুটির পরেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।
মূলত, বেআইনি লেনদেনের অভিযোগে পুলিশ কালীঘাট তৃণমূলের ৩টি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল। পরবর্তীতে বিচারপতি সৌগত ভট্টাচার্য দৈনিক খরচ চালানোর জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করে নির্দিষ্ট কিছু শর্তে অর্থ ব্যবহারের অনুমতি দেন। আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকার কথা থাকলেও, আসন্ন উপনির্বাচনের কারণে স্পেশাল অফিসার দলের নাম ও প্রতীকের বর্তমান স্থিতি জানতে চেয়ে অর্থ প্রদান সাময়িকভাবে আটকে রেখেছেন। ফলে উৎসবের মরশুমে আদালতের এই দ্রুত শুনানি খারিজের সিদ্ধান্ত মমতা তৃণমূলকে প্রবল অর্থাভাবে ফেলে দিল।
