বাংলার আকাশপথে নজিরবিহীন বিপ্লব, নবান্নে আজ চার নতুন বিমানবন্দর তৈরির মেগা চুক্তি – এবেলা

বাংলার আকাশপথে নজিরবিহীন বিপ্লব, নবান্নে আজ চার নতুন বিমানবন্দর তৈরির মেগা চুক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটাতে আকাশপথে এক বড়সড় বিপ্লব ঘটতে চলেছে। কেন্দ্রের জনপ্রিয় ‘উড়ান’ (UDAN) প্রকল্পের আওতায় রাজ্যে নতুন চারটি বিমানবন্দর চালু করার লক্ষ্যে আজ, সোমবার নবান্ন সভাঘরে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি বা ‘মউ’ স্বাক্ষরিত হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু। প্রাথমিক পরিকল্পনানুসারে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোকে মূল বিমান নেটওয়ার্কের আওতায় আনতেই এই মেগা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই চুক্তির অধীনে হাসিমারা, বালুরঘাট, ছররা ও কালাইকুন্ডার মতো কৌশলগত স্থানগুলোতে ৭২ আসন বিশিষ্ট বিমান চলাচলের উপযোগী পরিকাঠামো গড়ে তোলা হবে। চুক্তি অনুযায়ী, রাজ্য সরকার জমি প্রদান, সংযোগকারী সড়ক তৈরি, বিদ্যুৎ, জল সরবরাহ ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার দায়িত্ব সামলাবে এবং কেন্দ্র মূল পরিকাঠামো নির্মাণ করবে। এই বিমানবন্দরগুলো চালু হলে রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও শিল্পায়নে অভূতপূর্ব গতি আসবে। এছাড়া, কলকাতার সঙ্গে ইউরোপের সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়েও কেন্দ্রের কাছে বিশেষ আবেদন জানানোর পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *