ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরভোট! ওয়ার্ড পুনর্বিন্যাসের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরভোট! ওয়ার্ড পুনর্বিন্যাসের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই হতে চলেছে কলকাতা পুরসভার নির্বাচন। সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা অঞ্চলের সাংসদ, বিধায়ক, বিদায়ী কাউন্সিলর এবং পুর আধিকারিকদের নিয়ে একটি হাই-প্রোফাইল বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, পুরসভার এলাকা তথা ওয়ার্ড পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কাজ শেষ হলেই এই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির জেরে কিছুদিন আগেই কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। আগামী ডিসেম্বর পর্যন্ত বর্তমান পুর বোর্ডের মেয়াদ থাকলেও, মেয়রের ইস্তফার কারণে বোর্ড ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে পুরসভার কাজকর্ম সচল রাখতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর কমিশনার স্মিতা পাণ্ডেকে পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করেছে।

পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ, শংসাপত্র দিতে পারবেন বিধায়করাও:

পুরসভার ভোট হওয়া পর্যন্ত কলকাতার নাগরিক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তার জন্য বিদায়ী কাউন্সিলরদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসককে সব ধরনের কাজে সাহায্য করার কথাও বলা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সুবিধার জন্য এখন থেকে বিদায়ী কাউন্সিলরদের পাশাপাশি পুর এলাকার বিধায়করাও বিভিন্ন শংসাপত্র (সার্টিফিকেট) ইস্যু করতে পারবেন বলে জানানো হয়েছে।

কেন প্রয়োজন ওয়ার্ড পুনর্বিন্যাস?

কলকাতার ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের ওপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “আমি যেহেতু ভবানীপুরে লড়েছি, সেখানে দেখেছি ৭৭ নম্বর ওয়ার্ডে ৪৯টি বুথ রয়েছে। আবার বহু ওয়ার্ড এমন আছে যেখানে বুথসংখ্যা ২০টিরও কম। তাই ডিলিমিটেশন হওয়া অত্যন্ত জরুরি এবং এই বিষয়ে আমরা সবাই একমত।” তিনি জানান, রাজ্য সরকার এই বিষয়ে সুপারিশ করবে এবং রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে এই পুনর্বিন্যাসের কাজটি সম্পন্ন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *