তৃণমূলের বন্ধ পার্টি অফিসে উদ্ধার প্রচুর সরকারি নথি, ডিজিটাল কার্ড, চাঞ্চল্য – এবেলা

তৃণমূলের বন্ধ পার্টি অফিসে উদ্ধার প্রচুর সরকারি নথি, ডিজিটাল কার্ড, চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নবদ্বীপ: নদিয়ার নবদ্বীপে এক পরিত্যক্ত তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি নথি। প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন ওই কার্যালয় থেকে প্রচুর ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড এবং মৎস্যজীবী পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল। বিজেপির নবদ্বীপ উত্তর মণ্ডলের সহ-সভাপতি তন্ময় কুন্ডুর দাবি, ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী শিবির পরিচালনার জন্য তৃণমূলের স্থানীয় নেতারাই তাঁদের এই কার্যালয়টি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এবং চাবিও দিয়েছিলেন।

তন্ময়বাবু জানান, কার্যালয় খুলতেই তাঁরা দেখেন, একটি আলমারি খোলা অবস্থায় রয়েছে। ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ সব সরকারি নথিপত্র। বিজেপি নেতাদের অভিযোগ, সরকারি নথিপত্র এভাবে রাজনৈতিক দলের কার্যালয়ে পড়ে থাকায় সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত নথি ও কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন সাধারণ মানুষের ব্যক্তিগত পরিচয়পত্র এবং সরকারি নথি একটি দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *