তোলাবাজিতে জামিন পেলেও রেহাই নেই! অভয়া মামলায় জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবকে! – এবেলা

তোলাবাজিতে জামিন পেলেও রেহাই নেই! অভয়া মামলায় জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবকে! – এবেলা

এবেলা ডেস্কঃ

জোড়া মামলায় স্বস্তি মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না জলহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের। শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলাবাজি ও অবৈধ নির্মাণের মামলায় তাঁর জামিন মঞ্জুর হলেও, আলোচিত অভয়া মামলায় আরও সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যারাকপুর আদালতের এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় সতীর্থরা কর্মবিরতি পালন করায় এদিন তাঁর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে বাধ্য হয়ে নিজেই নিজের জামিনের সওয়াল করেন সঞ্জীববাবু। ডান চোখের চিকিৎসার প্রয়োজন দেখিয়ে এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আবেদন জানালেও অভয়া মামলার গেরো থেকে নিজেকে রক্ষা করতে পারেননি তিনি।

উল্লেখ্য, খড়দহ থানায় দায়ের হওয়া অভয়া ধর্ষণ-খুনের মামলাটিতে গত সপ্তাহে গ্রেফতার হন সঞ্জীব মুখোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। গ্রেফতারির পর থানার বাইরে বিক্ষোভে ইটের আঘাতে তাঁর ডান চোখে চোট লেগেছিল, এদিন চোখে ব্যান্ডেজ পরেই তিনি আদালতে উপস্থিত হন। বিচারক অন্যান্য মামলায় জামিন দিলেও অভয়া মামলায় তাঁর আইনি লড়াইয়ের সুরাহা না হওয়ায় তাঁকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। এই একই মামলায় আগামী শনিবার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে আদালতে পেশ করা হবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *