মাসে ২০ হাজারের বেশি আয়েই কোপ, নবান্নের নতুন নির্দেশিকায় কার প্রফেশনাল ট্যাক্স কত বাড়ল – এবেলা

মাসে ২০ হাজারের বেশি আয়েই কোপ, নবান্নের নতুন নির্দেশিকায় কার প্রফেশনাল ট্যাক্স কত বাড়ল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রফেশনাল ট্যাক্সের কাঠামোয় বড়সড় বদল এনেছে নবান্ন। অর্থ দপ্তরের সচিব সঞ্জয় বনশলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিজীবী এবং বিশেষ কিছু বাণিজ্যিক পেশার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে। তবে সাধারণ ব্যবসায়ী ও স্বাধীন পেশাদারদের জন্য ২০২৭ সালের ১ এপ্রিল থেকে এটি চালু হবে। নয়া নিয়মে মাসিক আয় ২০ হাজার টাকা পর্যন্ত হলে সম্পূর্ণ কর ছাড় মিলবে, যা আগে ছিল ১০ হাজার টাকা। এর ঊর্ধ্বে আয় হলে ধাপে ধাপে ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০৮ টাকা পর্যন্ত কর ধার্য করা হয়েছে। পাশাপাশি, পণ্য বা পরিষেবা ব্যবসার ক্ষেত্রে বার্ষিক ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করমুক্ত থাকবে।

অন্যদিকে, স্বাধীন পেশাজীবীদের ক্ষেত্রে বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। তবে বার্ষিক আয় এর বেশি হলে আয়ের ভিত্তিতে ১ হাজার থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে। নতুন এই বিজ্ঞপ্তিতে শপিং মল, মাল্টিপ্লেক্স, জিম, নার্সিংহোমের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ওটিটি প্রযোজক, ডিজিটাল মার্কেটিং এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের মতো আধুনিক পেশাকেও নির্দিষ্ট করের আওতায় আনা হয়েছে। যাদের ক্ষেত্রে বছরে এককালীন আড়াই হাজার টাকা কর বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন কর কাঠামো সংক্রান্ত কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তা আগামী ১৪ দিনের মধ্যে রাজ্য সরকারকে জানানোর সুযোগ রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *