দামোদরে যুবক নিখোঁজ! অবৈধ বালি কারবার নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

আসানসোল দক্ষিণের কেয়ারডি গ্রামে নিখোঁজ যুবক রাহুল মাড্ডির (২০) পরিবারের সঙ্গে রবিবার দেখা করেন বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গত ১৯ নভেম্বর দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যান রাহুল। টানা তিন দিন ডুবুরি নামিয়েও তাঁর খোঁজ মেলেনি। ঘটনাস্থল পরিদর্শনের পর অবৈধ বালি কারবারকে দায়ী করে অগ্নিমিত্রা জানান, বিগত সরকারের আমলে নির্বিচারে বালি চুরিতে নদীর পরিবেশ নষ্ট হয়ে গভীর গর্ত তৈরি হয়েছে, যার ফলেই এমন প্রাণহানি ঘটছে। জলের স্রোতে দেহ ভেসে যাওয়ার আশঙ্কায় দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত তল্লাশি জোরদার করার নির্দেশ দেন তিনি এবং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে নদীর ঘাটগুলিতে বিপজ্জনক এলাকা চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন।
এদিকে, উদ্ধারকাজে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয়রা। পরিবারের পক্ষে বিশ্ব মাড্ডি জানান, তিন দিন ধরে ডুবুরি নামিয়েও কোনও ফল মেলেনি এবং যুবক তলিয়ে যাওয়ার দু’ঘণ্টার মধ্যেই ডিভিসি জল ছাড়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। তবে পুনরায় ডুবুরি পাঠিয়ে তল্লাশি চালানোর আশ্বাসে কিছুটা আশার আলো দেখছে শোকাহত পরিবার।
