নতুন গাড়ি বের করতেই মর্মান্তিক পরিণতি! কেষ্টপুরে পুকুরে ডুবে মহিলার মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ
সদ্য কেনা গাড়ি গ্যারেজ থেকে বের করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক গৃহবধূ। কলকাতার কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম এলাকায় বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতার নাম সুমিত্রা দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাঁর স্বামী একটি চারচাকা গাড়ি কিনেছিলেন এবং তা চালানো শিখছিলেন ওই বধূ। আগামী ২২ আগস্ট তাঁর ড্রাইভিং পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেইমতো এদিন সকালে হাত পাকানোর জন্য গাড়িটি গ্যারেজ থেকে বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সটান গিয়ে পড়ে পাশের একটি পুকুরে।
স্থানীয় সূত্রে খবর, গাড়িটি পুকুরে তলিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে পড়েন ওই বধূ। গাড়ির পিছনের দরজা খুলে তিনি বেরিয়ে আসার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জলের নিচে আটকে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানা ও দমকল বাহিনী। দীর্ঘ দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
