নয়ডার শ্রমিক আন্দোলনে পাক চক্রান্ত? সীমান্তের ওপার থেকে যেভাবে চলত নাশকতার ছক!

উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিকদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে চলা আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে পুলিশ। নয়ডা পুলিশের দাবি, প্রতিবেশী দেশ পাকিস্তানের মদতে সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উস্কানিমূলক তথ্য ও ভুয়ো ভিডিও ছড়িয়ে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের দুটি এক্স (X) হ্যান্ডেলের হদিশ পাওয়ার পর পুলিশ ইতিমধ্যেই সেগুলোর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
তদন্তে উঠে এসেছে যে, শ্রমিক আন্দোলনের আড়ালে কিছু বহিরাগত অসত্য প্রচার চালিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় রূপেশ রায় ও মণীষা চৌহান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদিত্য আনন্দ নামে এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত মোট ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ৬২ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর একে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে।
