নারায়ণপুরে তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি ভাঙায় হাইকোর্টের স্থগিতাদেশ

রাজারহাটের নারায়ণপুর এলাকায় তৃণমূল নেতার আত্মীয় রোকাইয়া বিবির বাড়ি ভাঙার প্রক্রিয়ায় ৮ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিধাননগর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মেঠোপাড়া আমবাগানে অবস্থিত ওই বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছিল পুরসভা।

জরুরি ভিত্তিতে দায়ের হওয়া একটি আবেদনের শুনানিতে বিচারপতি রাজা বসু চৌধুরী এই নির্দেশ দিয়েছেন। মামলাকারীর আইনজীবীদের অভিযোগ, কোনো আগাম নোটিস বা শোকজ ছাড়াই পুরসভা বাড়িটি ভাঙার প্রক্রিয়া শুরু করেছিল, যদিও ওই বাড়ির অনুমোদিত প্ল্যান রয়েছে।

পুর আইন অনুযায়ী, কমিশনারের নির্দেশের বিরুদ্ধে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনালে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা থাকে। অভিযোগ, সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পুরসভা বাড়ি ভাঙার পদক্ষেপ নিয়েছিল।

অন্যদিকে, বিধাননগর পুরসভার আইনজীবীর দাবি, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও মামলাকারী হাজির হননি এবং অনুমোদিত প্ল্যান না থাকার কারণেই বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, আইনে নির্ধারিত ৩০ দিনের আপিলের সময়সীমা কর্তৃপক্ষ কেড়ে নিতে পারেন না।

আদালত মামলাকারীকে অ্যাপেলেট ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ দিতে ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাঙার কাজে স্থগিতাদেশ জারি করেছে। এছাড়া, দ্রুত নির্দেশের সার্টিফায়েড কপি সরবরাহ করার নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, কপি না মিললেও আন্ডারটেকিং দিয়ে মামলাকারী ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *