শীতের ফল পার্সিমন: পুষ্টিগুণ ও খাওয়ার পদ্ধতি

শীতকালে পাওয়া যায় এমন একটি পুষ্টিকর ফল হলো পার্সিমন। এশিয়া থেকে আসা এই ফলটিতে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
এছাড়াও এতে ক্যারোটিনয়েড ও ফ্ল্যাভোনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত পার্সিমন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম প্রক্রিয়া উন্নত হয়।
পার্সিমনে থাকা ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এর উচ্চ ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা শীতের শুষ্কতায় ত্বককে সতেজ রাখে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি পেট ভরা রাখতেও সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
ফলটি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে খোসাসহ বা খোসা ছাড়িয়ে সরাসরি খাওয়া যায়। দই, সালাদ বা স্মুদির সঙ্গে মিশিয়েও এটি খাওয়া সম্ভব। তবে এতে প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অপরিপক্ব পার্সিমনে ট্যানিন বেশি থাকতে পারে, যা হজমে অস্বস্তি তৈরি করতে পারে। তাই ভালোভাবে পেকে গেলে তবেই এই ফল খাওয়া ভালো। মনে রাখা দরকার, সুস্বাস্থ্যের জন্য শুধু একটি ফলের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।
