নারী সংরক্ষণ রুখবে কে! কংগ্রেস-ডিএমকে-কে কড়া বার্তা রাজনাথের

তামিলনাড়ুর এক নির্বাচনী জনসভায় ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন যে, সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণে বিজেপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিরোধী দলগুলোর বাধার মুখেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিলটি বাস্তবায়নে কেন্দ্র সরকার আপসহীন বলে তিনি জানান। পাশাপাশি, সনাতন ধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এনডিএ জোট প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় উল্লেখ করেন তিনি।
ভাষণে রাজনাথ সিং কংগ্রেস এবং ডিএমকে-সহ বিরোধী দলগুলোর বিরুদ্ধে নারী সংরক্ষণ বিলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তোলেন। সেইসঙ্গে তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ভোটারদের পরিবর্তনের ডাক দেন তিনি। রাজনাথ সিং দাবি করেন, বর্তমান রাজ্য সরকার সনাতন ধর্মের রীতিনীতি পালনে বাধা দিচ্ছে; সেক্ষেত্রে এনডিএ জোট ক্ষমতায় এলে ধর্মীয় প্রথা ও ঐতিহ্য রক্ষার পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হবে।
