নিউটাউনে তৈরি হবে নতুন বিধানসভা ভবন! জমি পরিদর্শনের আর্জি মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউটাউনে তৈরি হতে চলেছে একটি নতুন বিধানসভা ভবন। এর প্রস্তুতি শুরু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে স্পিকার রথীন্দ্রনাথ বসুকে সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে ওই জমি পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, পূর্ত দফতর (PWD) ও অন্যান্য নির্মাণকারী সংস্থাকেও পরিদর্শনের কথা বলেছেন তিনি।
বাজেট অধিবেশনের ধন্যবাদ জ্ঞাপন ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, “নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে। লোকসভার মতো।” তাঁর মতে, আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর হলে বর্তমান বিধানসভায় সমস্ত বিধায়কদের বসার জায়গা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
স্পিকারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “সর্বদলীয় প্রতিনিধি নিয়ে জায়গা পরিদর্শন করুন। PWD ও অন্যান্যের সঙ্গে নিয়ে যান। এখন থেকেই প্রাথমিক পরিকল্পনা তৈরি করতে হবে। এখন বিধানসভায় আসন সংখ্যা ২৯৪। ডিলিমিটেশন ও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ হলে তা ৪০০-র উপরে চলে যাবে। তখন এখানে বসার জায়গা হবে না। তাই এখন থেকেই পরিকল্পনা করতে হবে। অর্থমন্ত্রীর সাক্ষী রেখে বলছি, অর্থের কোনও সমস্যা হবে না।” কোভিডকালের স্মৃতি রোমন্থন করে তিনি আরও বলেন, “কোভিডের সময় যখন দূরে দূরে বসাতে হয়েছিল, মনে আছে, গ্যালারির কাছে পৌঁছে গিয়েছিল আসন? পুরনো বিধায়কদের তা মনে আছে।”
উল্লেখ্য, নিউটাউনে ৪০ একর জমি বিগত সরকার বরাদ্দ করে গিয়েছে। একই ক্যাম্পাসে বিধানসভা ভবন, বিধায়কদের আবাস এবং বিধানসভা সচিবালয় তৈরির প্রস্তুতিও কিছুটা সেরে রাখা হয়েছে। নতুন সংসদ ভবনের মতোই আধুনিক মানের এই বিধানসভা ভবন তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। তবে বর্তমান ভবনটি একটি হেরিটেজ বিল্ডিং, সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পুরনো ভবনটিকেও অন্য কাজে ব্যবহার করা হবে। এপ্রসঙ্গে তিনি জানান, “কী কাজে ব্যবহার হবে, তা সময় বলবে। তবে এই বিল্ডিং হেরিটেজ।”
পাশাপাশি, বিধায়ক ভবন ও বিধানসভার ক্যান্টিনের মান উন্নয়নের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। নতুন বিধায়কদের লাইব্রেরিতে গিয়ে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি, বিধায়কদের উপস্থিতি ও কাজের পারফরম্যান্স কেমন, তা জানানোর জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি।
