নিরাপত্তার দায়িত্ব শওকতের কাঁধে, ভাঙড়ে মমতার নতুন চমক!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে শনিবার ভাঙড়ের ভোজেরহাটের জনসভা থেকে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লাকে নিজের ‘ডান হাত’ হিসেবে অভিহিত করে মুখ্যমন্ত্রী জানান, নিজের নিরাপত্তার বদলে সেই নিরাপত্তা যেন শওকত মোল্লাকে প্রদান করা হয়। শওকতের ওপর বিরোধীদের ‘সেটিং’ তত্ত্বের অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, শওকত মোল্লা জয়ী হলে ভাঙড়ের উন্নয়নের যাবতীয় দায়ভার তিনি নিজে গ্রহণ করবেন।
জনসভা থেকে বিরোধীদের ‘গদ্দার’ বলে কটাক্ষ করার পাশাপাশি স্থানীয় শিল্পায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, লেদার হাবে ইতিমধ্যে ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি করে আরও ২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। ভাঙড়ের অর্থনীতি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শওকত মোল্লার জয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি জোরালো আবেদন জানান মুখ্যমন্ত্রী।
