পুজোর আগে বড় চমক! দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে ঝুলে থাকা মেগা প্রকল্প? – এবেলা

পুজোর আগে বড় চমক! দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে ঝুলে থাকা মেগা প্রকল্প? – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২ অক্টোবর পুজোর আগে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক সূত্রে খবর, এই সফরে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন এবং জেলা হাসপাতালের নতুন প্রস্তাবিত মেডিক্যাল কলেজের প্রাথমিক কাজ খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক প্রধানের এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী ২ অক্টোবর মুখ্যমন্ত্রীর বালুরঘাটে আসার কর্মসূচি আপাতত স্থির রয়েছে। এই সফরে বিমানবন্দর চালুর পাশাপাশি রানওয়ে সম্প্রসারণ এবং সরকারি জায়গায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থানান্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের গতি আরও ত্বরান্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সফরের দিন দুপুরে বালুরঘাট বিমানবন্দরে নেমে একাধিক পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরটির রানওয়ে ৯০ মিটার বাড়ানোর পরিকল্পনা থাকায় সেই কাজের অগ্রগতি তিনি নিজে পর্যবেক্ষণ করবেন। এছাড়া বালুরঘাট জেলা হাসপাতালে প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য কোন ইউনিট কোথায় স্থাপন করা হবে, তার রূপরেক্ষাও তিনি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। সফর শেষে জেলা প্রশাসনের সঙ্গে একটি উচ্চপর্যায়ের রিভিউ বৈঠক করার কথা রয়েছে তাঁর। ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন দপ্তরের পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতি এবং বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর দক্ষিণ দিনাজপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়নমূলক প্রত্যাশা পূরণে কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *